রাসেল আহমেদ অনুসন্ধান রিপোর্টার এসকেএনটিভি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন আকন্দকে ঘিরে জমির মালিকানা, বাণিজ্যিক ভবনের আর্থিক হিসাব, অংশীদারদের পাওনা এবং জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।অভিযোগ কারীদের দাবি, ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডে চেম্বার অব কমার্সের জমি ও ভবনের মালিকানা, নিয়ন্ত্রণ এবং উচ্ছেদসংক্রান্ত বিরোধে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। একই এলাকায় বাণিজ্যিক ভবন নির্মাণ, অর্থায়ন, মালিকানা ও নির্মাণবিধি অনুসরণ নিয়েও অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া তিতাস টাওয়ারের আয়-ব্যয়ের হিসাব ও অংশীদারদের পাওনা অর্থ নিয়ে বিরোধের অভিযোগ উঠেছে। তিতাস এগ্রো ফার্মের পরিচালক ও শেয়ারহোল্ডারদের একটি অংশের দাবি, তাঁদের প্রায় আট কোটি টাকা পাওনা রয়েছে।
নির্বাচনী ভূমিকা নিয়েও বিতর্কের কথা জানিয়েছেন অভিযোগকারীরা। তাঁদের অভিযোগ, জোটের প্রার্থীদের নিয়ে নেতিবাচক প্রচারণা এবং নির্দিষ্ট প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীদের কাজ না করার বিষয়ে পরামর্শ বা নির্দেশনার ঘটনা ঘটেছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে সম্পর্কের মাধ্যমে ব্যবসায়িক সুবিধা নেওয়া এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে পক্ষপাতের অভিযোগও তুলেছেন তাঁরা। অভিযোগকারীদের ভাষ্য, এসব বিষয়ে দলীয় পর্যায়ে অভিযোগ জানানো হয়েছে।
মোবারক হোসাইন আকন্দের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি বলে জানিয়েছেন অভিযোগকারীরা।সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, জমির মালিকানা, বাণিজ্যিক লেনদেন, অংশীদারদের পাওনা এবং নির্বাচনী ভূমিকা নিয়ে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।